সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের সভা
সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের সভা নয়া দিগন্ত

দীর্ঘ ১০ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করা হচ্ছে। আগামী বছরের ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো: নাজমুল হোসাইন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন ও দফতর প্রধানরা উপস্থিত ছিলেন।

ভাইস-চ্যান্সেলর বলেন, ‘দীর্ঘ সময় পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ আয়োজন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করে শিক্ষার্থীদের জন্য সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘সমাবর্তন শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়; একজন শিক্ষার্থীর দীর্ঘ শিক্ষাজীবনের অর্জন ও সাফল্যের আনুষ্ঠানিক স্বীকৃতির দিন। তাই বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীর প্রত্যাশা বিবেচনায় নিয়ে একটি স্মরণীয় সমাবর্তন আয়োজন করতে হবে।’

এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে ভাইস-চ্যান্সেলর দ্বিতীয় সমাবর্তনে চ্যান্সেলরকে উপস্থিত থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত থাকার সম্মতি দেন এবং আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

রাষ্ট্রপতির সম্মতির পরই সমাবর্তনের প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তন বক্তা, কোন কোন শিক্ষার্থী অংশ নেয়ার সুযোগ পাবেন এবং অন্যান্য বিস্তারিত বিষয় শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

প্রায় আড়াই হাজার কলেজের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সাথে যুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বিরতির পর দ্বিতীয় সমাবর্তন ঘিরে শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।