
নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনার জেরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ আহমদ হোসেনের গ্রামের বাড়িসহ অন্তত ছয়-সাতটি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা থেকে ১১টার মধ্যে দফায় দফায় এসব সহিংসতার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বড়রুহী গ্রামের যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালায়। হামলাকারীরা রানাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
এ খবর ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে বিক্ষুব্ধ লোকজন বড়রূহী গ্রামে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেয়।
এর প্রায় আধা ঘণ্টা পর উপজেলার বিশকাকুনি গ্রামে কারাবন্দী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে অন্তত পাঁচটি ঘর পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমানুর রশীদ খান জুয়েল, ডা: ওয়াহিদুর রহমান ছোরনের বাড়িসহ আরও অন্তত দু’টি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে হামলা-আগুনের এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
আহমদ হোসেনের ভাতিজা মিজানুর রহমান অভিযোগ করেন, বিএনপি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী অতর্কিত এসে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, রাত ৮টার দিকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিল। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করে।
ওসি আরও জানান, হামলার জেরে রফিক নামের ওই যুবলীগ নেতার বাড়িতে উত্তেজিত জনতা আগুন দিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এর কিছুক্ষণ পর সাবেক এমপি আহমদ হোসেনের বাড়িতে আগুন দিলে পাঁচ ছয়টি ঘর পুড়ে যায়।
পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার জানান, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। কারা আগুনের সাথে জড়িত তা তিনি জানেন না।
তিনি বলেন, ‘দলের নেতাকর্মীদের এ ধরনের তৎপরতা থেকে শান্ত ও বিরত থাকার কড়া নির্দেশ দেয়া হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









