উদ্ধারকৃত বাজপাখিটি
উদ্ধারকৃত বাজপাখিটি নয়া দিগন্ত

মাদারীপুরে বিলুপ্তপ্রায় আহত একটি বাজপাখি উদ্ধার করা হয়েছে। প্রাণিসম্পদ কার্যালয়ের তত্বাবধায়নে পাখিটির চিকিৎসা শুরু করেছে বন বিভাগ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকা থেকে পাখিটি উদ্ধার করা হয়।

জানা গেছে, পাথুরিয়ারপাড় এলাকার একটি বাগানে আহত অবস্থায় বাজপাখিটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। পরে তারা খবর দিলে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

এ সময় পাখির ডান পাশের ডানায় ক্ষত দেখতে পাওয়া যায়। পরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে গিয়ে ক্ষত স্থানে ওষুধ দেয়া হয়। পাশাপাশি দেয়া হয়েছে এন্টিবায়োটিক ইনজেকশনও। বন অফিসের পক্ষ থেকে খাঁচায় পাখিটিকে আটক রেখে মাছ ও গোশত খাবার হিসেবে খেতে দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম বলেন, বাজপাখিটি মারাত্মক আহত অবস্থায় পড়েছিল। দেখে খুব মায়া লাগছিল। পরে বন বিভাগে খবর দেয়া হয়।

মাদারীপুরের বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম বলেন, বিরল প্রজাতির বাজপাখিটি সুস্থ হলে খুলনা বন বিভাগের প্রাণী সংরক্ষণ কার্যালয়ে পাঠানো হবে। এর আগে সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে।