পুলিশ
পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্প নয়া দিগন্ত

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অসুস্থ্য হওয়ার খবর পাওয়া গেছে। তাদের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার আমিনুল ইসলাম পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। পরে তিনি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি অসুস্থ্য পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন। এসময় পুলিশ ওই ক্যাম্পের বাবুর্চি ছালেহা খাতুনকে আটক করে। 

আটক বাবুর্চি পাটিকাবাড়ি গ্রামের মহির উদ্দিনের স্ত্রী। তিনি গত দুই বছর ধরে ঐ পুলিশ ক্যাম্পে বাবুর্চির কাজ করে আসছিলেন। 

অসুস্থ্য পুলিশ সদস্যরা হলেন এসআই মনিরুজ্জামান, এএসআই শরিফুল ইসলাম, পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম, মুকতার হোসেন, নুরুল আমিন, আমিনুল ইসলাম, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, রেজাউল করিম ও মনিরুল ইসলাম।

স্থানীয়রা জানায়, রাতের খাবার খেয়ে ক্যাম্পের পুলিশ সদস্যরা অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশিদ বলেন, ‘রাতে খাওয়ার পরে পুলিশ সদস্যরা অসুস্থ্য হয়ে পড়েন। ধারনা করা হচ্ছে খাদ্যে বিষক্রীয়ার কারনে এই ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ক্যাম্পের বাবুর্চি ছালেহাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।’