
সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের আরো ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য ও পুলিশের অভিযানে শনিবার সকালে আরও চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাতজন হলেন— টুকেরবাজারের সাব্বির আহমেদ বিপ্লব (২৬), শেখঘাটের নাহিদ হাসান (২১), পৈতপাড়া (শিববাড়ী) এলাকার হৃদয় পাল (২০), বাদাঘাটের সুফিয়ান আহমদ (২৬), শিবগঞ্জের মো: রুহেল আরমান (২৬), শাহপরানের মো: রমজান হোসেন (২৬) ও শিবগঞ্জের মো: তোফাজ্জল হোসেন (২৫)।
সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার রাতে কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর ছাত্রলীগের একটি মশাল মিছিলের প্রস্তুতি চলছিল।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। পরে ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে ওসমানীনগর থানা পুলিশ।







