শিবচরে ক্যারিয়ার ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সাথে কৃতী শিক্ষার্থীরা
ক্যারিয়ার ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সাথে কৃতী শিক্ষার্থীরা নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচর উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিবচর ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শিবচর উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সংবর্ধনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের প্রস্তুতি, ক্যারিয়ার নির্বাচন এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।

অনুষ্ঠানে শিবচর ক্যারিয়ার ক্লাবের আহ্বায়ক ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন, ‘শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন মানুষ প্রকৃত অর্থে শিক্ষিত হয়ে ওঠে না। সততা, শৃঙ্খলা, অধ্যবসায়, নৈতিকতা ও মানবিক গুণাবলির চর্চার মাধ্যমে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। জীবনে সফল হওয়ার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা থাকতে হবে।’

তিনি বলেন, ‘আমার মতে, মেধাবী তারাই, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। দেশপ্রেম ছাড়া একজন মেধাবী কখনোই দেশ ও জনগণের কাজে আসে না। তোমরা উচ্চশিক্ষার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা।’

তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার ও নিজেদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমান বলেন, ‘আজকের এ কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। জিপিএ-৫ অর্জন তাদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। এ ফলাফলকে জীবনের চূড়ান্ত সাফল্য মনে না করে ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘একজন শিক্ষার্থীর জীবনে এসএসসি বা দাখিলের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ, কিন্তু সামনে আরো বড় পথ রয়েছে। এ পথ পাড়ি দিতে হলে নিজেদের যোগ্যতা, দক্ষতা ও জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে হবে। নিজের পছন্দ, সামর্থ্য ও আগ্রহকে গুরুত্ব দিয়ে ক্যারিয়ার সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে হবে।’

সভাপতি মাসুদুর রহমান বলেন, ‘বর্তমান বিশ্বে শুধু একাডেমিক ফলাফল দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি, ভাষা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি চর্চা করতে হবে।’

তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘শিবচর ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন করা এবং তাদের ভবিষ্যৎ পথচলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জুয়েল মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফজলুল হক, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: আছাদুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।