
নাটোরের বড়াইগ্রামে মাছ ব্যবসায়ীকে জিম্মি করে তিন লাখ ৬০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার চৌমুহন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন বিএনপি নেতা চৌমুহন গ্রামের মরহুম ওয়াজেদ আলীর ছেলে মো: রুবেল হোসেন ওরফে ফ্রান্স রুবেল (৪০), দেলোয়ার হোসেনের ছেলে হারুন অর রশিদ (৩২), চরগোবিন্দপুর গ্রামের জিয়াউদ্দিন আহমেদের ছেলে সাগর আহম্মেদ ওরফে সোহান হোসেন (২৮) ও সোহাগ হোসেন (৩০)। এ ঘটনায় মূল অভিযুক্ত জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা সাব্বাব হক সাবু পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট মাছ ব্যবসায়ী আনিছুর রহমানকে অভিযুক্তরা মাছ বিক্রয়ের কথা বলে চৌমুহন গ্রামে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করা অন্য আসামিদের সহায়তায় তারা ওই ব্যবসায়ীকে একটি বাড়িতে নিয়ে জিম্মি করেন। পরে আনিছুরকে সেখানে মারধর করে তার কাছ থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা ও তাৎক্ষণিকভাবে সাত লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এরপর আসামিরা তার কাছ থেকে নগদ তিন লাখ ৬০ হাজার টাকা চাঁদা আদায় করেন। ছাড়া পেয়ে ওই ব্যবসায়ী থানায় মামলা করেন।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।







