অপ্রতিমের সাথে তুহিন, (ডানে) নিহত অপ্রতিম
অপ্রতিমের সাথে তুহিন, (ডানে) নিহত অপ্রতিম নয়া দিগন্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান অপ্রতীমের (১৩) মৃত্যুর ঘটনায় তুহিন নামে স্থানীয় এক তরুণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের সামনের সিসিটিভি ফুটেজে অপ্রতীমের সাথে তুহিনকে দেখা গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ির বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সাথে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে রাতে তার বাবা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অপ্রতীম নিখোঁজ হওয়ার পর পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। এতে অপ্রতীমের সাথে তুহিনকে দেখা যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের আওতায় নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের পাশের একটি জঙ্গল থেকে অপ্রতীমের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, অপ্রতীমের মৃত্যুর ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।