
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
তিনি বলেছেন, ‘সরকার ও প্রশাসন সচেতন হলেও ডেঙ্গু প্রতিরোধে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। নিজ নিজ দায়বদ্ধতা থেকেই বেঁচে থাকার জন্য এটি মোকাবিলায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। একমাত্র সম্মিলিত জনসচেতনতা ও উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ সম্ভব।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ঘোড়দৌড় পদ্মাবতী পার্ক ও বাজার এলাকায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের চারপাশের সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই আমাদের নিজেদের ঘরবাড়ি ও কর্মস্থলের পাশাপাশি আশপাশের এলাকায় পানি জমে যেন না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। একই সাথে নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে হবে। পরিষ্কার করা জায়গায় আমরা বৃক্ষরোপণ করতে পারি।’
তিনি আরো বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চ্যালেঞ্জ মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আবার চ্যালেঞ্জ মোকাবিলা করেই গণতন্ত্র রক্ষা করছেন, যাতে এ দেশ একটা সুন্দর ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যায়। আর সেই জন্য আমাদের সকলের সহযোগিতা দরকার।’
বর্তমান সরকারের মেয়াদের মাত্র ৬ মাসে দেশ পরিবর্তন হওয়া আদৌ সম্ভব কিনা—প্রশ্ন তুলে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘বর্তমান সরকারের মাত্র ছয় মাস হয়েছে। এত অল্প সময়ের মধ্যে দেশ পরিবর্তন হওয়া কি আদৌ সম্ভব? দেশে গ্যাস-বিদ্যুৎ নিয়ে অনেক কিছু হচ্ছে। যুদ্ধের কারণে ও হরমুজ প্রণালী বন্ধ থাকায় আজকে অনেক দেশেই এই সঙ্কট চলছে। যুদ্ধ থেমে গেলেই আমরা এই সঙ্কট কাটিয়ে উঠতে পারব ইনশাল্লাহ। তারপরও সরকার গুরুত্বপূর্ণ এলাকায় জরুরি গ্যাস সরবরাহ করছে। তাই ধৈর্য ও সহনশীলতা নিয়ে রাষ্ট্র ও সরকারকে সহযোগিতা করার আহ্বান জানাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে কর্মসূচিতে লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হুমায়ুন রাজিব, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহম্মেদ, ওমর ফারুক অবাক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন খানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, স্থানীয় বিএনপি দলীয় নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে ঘোড়দৌড় পদ্মাবতী পার্ক ও বাজারের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।







