
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ‘তেল, গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটময় অবস্থায় পৌঁছেছে। এগুলো মূলত অযোগ্য মন্ত্রীদের কারণে হচ্ছে। এমন ব্যর্থতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন। নয়তো এদেশের আপামর জনসাধারণ জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঝালকাঠি শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে ঝালকাঠি জেলা জামায়াতের দিনব্যাপী রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘জামায়াতে ইসলামীর রুকনগণ, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। দুনিয়ার জীবন আমাদের আসল ঠিকানা নয়, পরকাল হলো আমাদের আসল ঠিকানা। প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি আসল জীবনের জন্য চেষ্টা করে।’ তিনি রুকনদের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘সংগঠনের দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছাতে হবে। আমাদের অন্যতম দায়িত্ব সংগঠনকে মজবুত করার মাধ্যমে সকল ষড়যন্ত্র মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করা।
এ সময় বক্তারা বলেন, এই সরকার কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবে না ঘোষণা দিলেও ইতোমধ্যে কোরআনবিরোধী হেবা আইন পাশ করেছে। আইনমন্ত্রী বলেছেন, কোরআনকে সংবিধান হিসেবে মানবো না বা মানা ঠিক হবে না। এই কথা বলে তিনি কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন।
সরকারের সমালোচনা করে বক্তারা আরো বলেন, ফ্যাসিবাদ আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। এ কারণে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সবাইকে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।
জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মু. হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জানব মুহাম্মদ ফরিদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট বি এম আমিনুল ইসলাম, জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম।







