ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ছবি: ফাইল ছবি

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। একই সময়ে নতুন করে ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকালপারসন ডা: মো: সেলিম উদ্দিন ২৪ ঘণ্টার সর্বশেষ আপডেটে এসব তথ্য জানান।

নিহতরা হলেন— নেত্রকোনার বারহাট্টা উপজেলার ইসহাক মিয়ার স্ত্রী কুলসুমা (৫০) ও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নুরুল আমিনের ছেলে আল আমিন (৩৫)।

হাসপাতাল সূত্র জানায়, কুলসুমা ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন রাত সাড়ে ৮টার দিকে ভর্তি হওয়া আল আমিনের মৃত্যু হয় রাত ১১টার দিকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর এ পর্যন্ত দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০৩ জন। এর মধ্যে ৫৭ পুরুষ, ৩৬ নারী ও ১০ শিশু। এর মধ্যে একজন পুরুষ রোগী আইসিইউতে এবং দু’জন কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হন ১৩৪ জন। জুলাইয়ে ৩৬০ জন, আগস্টে ৯৬৭ জন ও সেপ্টেম্বরের ১৮ দিনে ভর্তি হন ৯২৯ জন।

এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে একজন, জুনে তিনজন, জুলাইয়ে দু’জন, আগস্টে চারজন ও সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লে অতিরিক্ত রোগীদের জন্য জায়গা ব্যবস্থাপনা কঠিন হতে পারে। তবে পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুতি রাখছে।