
হাত ভেঙে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজের বাকি অংশে আর খেলতে পারবেন না ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস। শনিবার মেলবোর্নে সিরিজের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে চোট পান তিনি। যে কারণে সিরিজ শেষ না করেই তিনি দেশে ফিরে আসছেন।
ইনিংসের ১৯তম ওভারে নিজের বোলিংয়ে বেন ডোয়ারশুইসের জোরালো শটে ক্যাচ নিতে গিয়ে হাতে মারাত্মক আঘাত পান জ্যাকস।
ডান হাত থেকে রক্ত ঝরতে থাকে। এ সময় বেশ বিচলিত অবস্থায় মাঠ ছাড়েন তিনি।
স্ক্যান পরীক্ষায় হাতের হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত হয়েছে। এর ফলে জ্যাকসের সামনে প্রথমবারের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার সুযোগও শেষ হয়ে গেল। আগামী ২ ডিসেম্বর সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করার কথা ছিল তার।
রোববার রাতে এক বিবৃতিতে ইংল্যান্ড জানায়, ‘হাত ভেঙে যাওয়ায় অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড দলের সাদা বলের সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন উইল জ্যাকস। দলে জ্যাকসের পরিবর্তে কাকে নেয়া হবে, সে বিষয়ে যথাসময়ে জানানো হবে।’
ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক রোববার সিডনিতে সিরিজের চতুর্থ ম্যাচের পর দেশে ফিরবেন। ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে তিনি অস্ট্রেলিয়া ছাড়বেন।
জ্যাকসের পরিবর্তে ইংল্যান্ড দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন টম ব্যান্টন। সফরের শুরুতেই চোটের কারণে জ্যাকব বেথেলকেও হারিয়েছে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। তবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে আছে তারা। মেলবোর্নে প্রথম ম্যাচে শেষ বলের আগেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার গোল্ড কোস্টে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। বাকি তিনটি ম্যাচ ২৭ নভেম্বর ব্রিসবেনে, ২৯ নভেম্বর সিডনিতে এবং ২ ডিসেম্বর ক্যানবেরায় অনুষ্ঠিত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









