মো: আজিজুল ইসলাম
সাবেক এমপি মো: আজিজুল ইসলাম। সংগৃহীত
ads

রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো: আজিজুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের ডিসি জিয়া উদ্দিন আহম্মেদ।

তিনি জানান, আজিজুল ইসলামকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে। গত আড়াই বছর ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন তিনি। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। ৫ আগস্টের পর আজিজুল ইসলাম আত্মগোপনে চলে যান। গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার ওপর গুলি, হামলা এবং হত্যার নির্দেশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

তার বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। তিনি একসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তী সময়ে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।