
সিলেটে একদিন বিরতির পর গত ২৪ ঘণ্টায় আরো চার ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৫ জনে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, সিলেট উইমেন্স মেডিক্যাল হাসপাতালে দুই, হবিগঞ্জ সদর হাসপাতালে ছয়, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ সদর হাসপাতালে দুই ও মৌলভীবাজার সদর হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০৫ জন। এর মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৬৮, হবিগঞ্জে ১০১ ও মৌলভীবাজারে ৩১ জন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ১১ জন রয়েছে।
এ সময়ে ডেঙ্গুতে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।







