জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস, খুলনা-ঢাকা বিকল্প রুট, জাহানাবাদ এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস, গোপালগঞ্জ ট্রেন, কাশিয়ানী রেলস্টেশন, মুকসুদপুর রেলস্টেশন, খুলনা-ঢাকা ট্রেন চলাচল
গোপালগঞ্জে বন্ধ হচ্ছে দুই আন্তঃনগর ট্রেনের চলাচল। সংগৃহীত
ads

খুলনা থেকে ঢাকায় বিকল্প রুটে ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল। এ উদ্যোগ বাস্তবায়িত হলে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে চলাচল করা জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে।

রেলওয়ের প্রস্তাব অনুযায়ী, ট্রেন দুইটি সাময়িকভাবে স্থগিত রেখে সেগুলোর রেক দিয়ে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া ট্রেন চালানো হবে।

বুধবার (২৫ নভেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে এ-সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর থেকে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস (খুলনা-ঢাকা-খুলনা) এবং ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের (ঢাকা-বেনাপোল-ঢাকা) চলাচল প্রতিদিন বাতিল করা হচ্ছে। এতে নিয়মিত টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে। পাশাপাশি যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং ট্রেন পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে।

এ অবস্থায় খুলনার সাথে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক রাখা, আর্থিক ক্ষতি কমানো এবং বিদ্যমান রোলিং স্টকের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বিকল্প রুটে ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।

প্রস্তাবে আরো বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা যেতে পারে। পরিবর্তে ট্রেন দুইটির রেক ব্যবহার করে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে এক জোড়া ট্রেন পরিচালনার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২০০০৩ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি পথে ২০০০৪ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে।

নতুন রুটে ট্রেন দুইটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে। এছাড়া প্রস্তাবে নতুন ট্রেন দুটির টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রির ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়েছে।

প্রস্তাব বাস্তবায়িত হলে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যাবে। এতে ওই দুই স্টেশনের যাত্রীরা ট্রেন দুটির সরাসরি সেবা থেকে বঞ্চিত হবেন।