
নড়াইলের লোহাগড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে মো: মাহবুবুর রহমান শেখ (৩৭) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দিঘলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার মাহবুবুর দিঘলিয়া গ্রামের টুকু শেখের ছেলে। লোহাগড়া বাজারে তার হাবিবা ফ্যাশান নামে একটি গার্মেন্টস রয়েছে।
মাহবুবুরের বড় ভাই আলম শেখ বলেন, ‘গ্রামে আমাদের সাথে কারও কোনো বিরোধ বা ঝামেলা নাই। বাজার থেকে বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির অদূরে আমার ভাইয়ের ওপর হামলা ঘটনা ঘটেছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতে কোপানো হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি।’
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত রায় বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’







