সম্মাননা
জাবির শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ঝর্না আক্তার ছবি: নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ঝর্না আক্তার জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করেছেন।

গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা, ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাত থেকে তিনি এ শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০০টি ডিগ্রি (পাস), অনার্স ও মাস্টার্স ডিগ্রির শিক্ষাপ্রতিষ্ঠান আছে। তার মধ্যে শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের ৫৭ জন শিক্ষার্থী। মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী ঝর্না আক্তার এই বিরল পুরস্কারের জন্য নির্বাচিত হন।

ঝর্না আক্তার ২০১৮ সালের স্নাতক (পাস) বি.এস.এস. পরীক্ষায় অংশগ্রহণ করে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৮০ পেয়ে এই  সম্মানজনক পদক ও শিক্ষাবৃত্তি অর্জন করেন। দিনি মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের সরদার কান্দি গ্রামের মো: নুরুল ইসলাম ও নার্গিস বেগমের মেয়ে। পাঁচ ভাইবোনের মধ্যে ঝর্না দ্বিতীয়। বর্তমানে তিনি মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

পুরস্কার হিসেবে ঝর্না প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ক্রেস্ট এবং ২৫ হাজার টাকা অর্থ সম্মানী। তার এই কৃতিত্বের জন্য রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইসমাম ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অরুণ চন্দ্র সরকারসহ সকল শিক্ষকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।