গ্রেফতার
নাটোরে দুর্ঘটনাকবলিত সিএনজি থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪ ছবি: নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি থেকে ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার ও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গাঁজা বহনে ব্যবহৃত সিএনজিটির চালক এখনো পলাতক রয়েছেন।

গ্রেফতাররা হলেন— মো: গালিব মোস্তফা (২৫), মো: নজরুল ইসলাম ভোলা (৪০), মো: শাহাদৎ হোসেন পিপল (৪৫) ও মো: আরমান (৩০)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো: শরীফুল হক।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শরীফুল হক জানান, গত ৯ সেপ্টেম্বর রাত ৭টার দিকে নলডাঙ্গা থানার বুড়িরভাগ জামে মসজিদের সামনে পাকা সড়কের একটি বাঁকে সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন টিডিএস সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পরে ১৪ সেপ্টেম্বর দুপুরে পুলিশ জানতে পারে, দুর্ঘটনাকবলিত ওই সিএনজিতে তিনটি সাদা প্লাস্টিকের বস্তায় করে গাঁজা বহন করা হচ্ছিল। দুর্ঘটনার সময় গাঁজা বহনকারী আরমান আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে গালিব মোস্তফার বাড়িতে অভিযান চালানো হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির নিচতলার বাথরুমের ফলস ছাদের ওপর থেকে দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুটির পাঁচটি প্যাকেট থেকে ১৯ কেজি ৭৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এরপর নজরুল ইসলাম ভোলার বাড়িতে অভিযান চালানো হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির উত্তর দুয়ারির উত্তর-পশ্চিম কোণ থেকে আরও একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার তিনটি প্যাকেট থেকে ১৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। দুই বাড়ি থেকে উদ্ধার করা গাঁজার মোট ওজন ৩৩ কেজি ৩৭০ গ্রাম।

পুলিশ সুপার মো. শরীফুল হক আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাঁজা পরিবহনের সাথে জড়িত পলাতক অজ্ঞাতনামা সিএনজি চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো: ইফতেখায়ের আলম, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান, ডিবির ওসি মো: নজরুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।