
সিমেন্ট খাতে প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষতা বিনিময় ও কৌশলগত বিনিয়োগের লক্ষ্যে চীনের গুয়াংসি ইউফেং কোং লিমিটেডের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি (এমসিএমপিএলসি) ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড (বিআইসিএল)। ঢাকার বসুন্ধরা সুপারগলফে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা অনুযায়ী, মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডকে উল্লেখযোগ্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে গুয়াংসি ইউফেং কোং লিমিটেডের। এর আওতায় সিমেন্ট উৎপাদন-সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তর, কারিগরি জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং কৌশলগত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সহযোগিতার কাঠামো গড়ে তোলা হবে। সহযোগিতার পরিধি ও বাস্তবায়নপদ্ধতি নির্ধারণে প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।
‘বাংলাদেশ অ্যান্ড চায়না: বিল্ডিং দ্য ফিউচার টুগেদার’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান। মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন তিনি। গুয়াংসি ইউফেংয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লেই ঝেনবিন।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা, এ সমঝোতা বাংলাদেশের সিমেন্ট খাতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগের নতুন সুযোগ তৈরি করবে। একই সাথে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখবে এ অংশীদারিত্ব।
অনুষ্ঠানে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানগুলোর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শাহেদ জাহিদ এবং অন্যান্য কর্মকর্তারা।
ইউফেং সিমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লেই ঝেনবিন, উপপ্রধান প্রকৌশলী দেং ইউলিয়ান এবং অন্যান্য কর্মকর্তারা। এ ছাড়া অনুষ্ঠানে সিনো বিডি এনার্জি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিন ইয়ানশিয়ং, জেনারেল ম্যানেজার ইয়ে ঝেনহং এবং ইয়ুনহাই মাইনিং গ্রুপের চেয়ারম্যান ওয়ে গুয়াংহাই উপস্থিত ছিলেন।
মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের আশা, ইউফেংয়ের সাথে এ অংশীদারিত্ব প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সিমেন্ট শিল্পের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








