
বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কাজের ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুন এআই কম্পিউটিং সল্যুশন ‘অ্যাটলাস ৯৬০ই সুপারপড’ উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।
সম্প্রতি সাংহাইয়ে অনুষ্ঠিত ‘হুয়াওয়ে কানেক্ট ২০২৬’ সম্মেলনে হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান অব দ্য বোর্ড ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং তার মূল প্রবন্ধে নতুন এ সল্যুশন উন্মোচন করেন।
‘অ্যাডভান্সিং দ্য এজেন্টিক ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পখাতের নেতা, গ্রাহক, অংশীদার ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল সংযোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও বুদ্ধিমান ও উৎপাদনশীল ভবিষ্যৎ গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
হুয়াওয়ে জানিয়েছে, উন্নত এআই মডেল তৈরি ও পরিচালনার জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড তৈরি করা হয়েছে। শক্তিশালী কম্পিউটিং সক্ষমতা, উন্নত জ্বালানি দক্ষতা ও নির্ভরযোগ্য কার্যক্রমের মাধ্যমে এটি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে এআই অবকাঠামো গড়ে তুলতে ও পরিচালনা করতে সহায়তা করবে।
এ ছাড়া হুয়াওয়ে ‘অ্যাটলাস ৯৫০ সুপারপড’ও উন্মোচন করেছে। সুপারপডভিত্তিক সুপারক্লাস্টারগুলো হুয়াওয়ের ‘পিরিয়াম কম্পিউটিং আর্কিটেকচার’-এর প্রথম প্রজন্মের পণ্য। প্রতিষ্ঠানটির দাবি, এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ১০ লাখ প্রসেসর একসঙ্গে একটি কম্পিউটারের মতো কাজ করতে পারে।
নতুন পণ্যসম্ভারের মধ্যে সাধারণ কম্পিউটিংয়ের জন্য উন্নত ‘তাইশান ৯৫০ সুপারপড’ এবং এআই-সম্পর্কিত বিপুল ডেটার চাহিদা পূরণে ‘ওশানস্টোর এম৯০০’ স্টোরেজ সল্যুশনও রয়েছে। এসব প্রযুক্তি বিভিন্ন খাতের প্রতিষ্ঠানকে ডেটা ব্যবস্থাপনা ও কম্পিউটিং দক্ষতা বাড়ানোর পাশাপাশি এআইয়ের বাস্তব প্রয়োগ ত্বরান্বিত করতে সহায়তা করবে বলে জানিয়েছে হুয়াওয়ে।
এদিকে, হুয়াওয়ের ‘ক্যান’ (CANN) প্ল্যাটফর্ম এখন উন্মুক্ত উৎসভিত্তিক (ওপেন সোর্স) করা হয়েছে। এর ফলে উন্নয়নকারী, অংশীদার ও বৃহত্তর প্রযুক্তি সম্প্রদায় এআই উদ্ভাবনে আরও সক্রিয়ভাবে অংশ নেয়ার সুযোগ পাবেন।
ডেভিড ওয়াং বলেন, ‘হুয়াওয়েতে আমরা শক্তিশালী এআই অবকাঠামো গড়ে তোলা এবং কম্পিউটিং বাস্তুতন্ত্রকে আরও শক্তিশালী করতে উন্মুক্ত উৎস ও উন্মুক্ত ব্যবস্থা এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এআই উদ্ভাবনকে এগিয়ে নিতে এবং বুদ্ধিমান বিশ্বের পথে এগোতে আমরা অংশীদারদের সাথে কাজ অব্যাহত রাখব।’
টেলিযোগাযোগ, আর্থিক সেবা, উৎপাদন, জ্বালানি, পরিবহন, জনসেবা ও শিক্ষাসহ বিভিন্ন খাতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে বিশ্বজুড়ে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে কাজ করছে হুয়াওয়ে। বিজ্ঞপ্তি








