
বরগুনার বেতাগী উপজেলায় বখাটে যুবক ফয়সাল মৃধা কর্তৃক পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধরের ঘটনায় অপরাধীকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৬১ নম্বর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনের স্থানীয় বক্তারা বলেন, গুরুতর আহত ছাত্রী বর্তমানে চিকিৎসা ও মানসিক কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। ঘটনার পরদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে বুধবার থানায় মামলা করা করা হয়। তবে মামলার পরও অভিযুক্ত ফয়সাল মৃধাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তারা আরো বলেন, ঘটনার পর থেকেই ফয়সাল মৃধা পলাতক রয়েছেন। তবে, এ ঘটনায় জড়িত সন্দেহে তার মাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মানববন্ধনে বক্তারা জানান, একটি শিশুর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি এখনো গ্রেফতার না হওয়ায় তারা উদ্বিগ্ন। দ্রুত তাকে আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আহত শিশুটির নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ফয়সালের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
উল্লেখ্য, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ ওঠে ফয়সাল মৃধা নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। হামলায় শিশুটির সামনের তিনটি দাঁত পড়ে যায় এবং আরো দু’টি দাঁত ক্ষতিগ্রস্ত হয়।








