
রাজধানীর মিরপুরে ল্যানটার্নস ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নব প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে মিরপুরের ৬০ ফিট রোড সংলগ্ন দক্ষিণ পীরেরবাগের ভাঙ্গা ব্রিজ এলাকায় স্কুলের নিজস্ব ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের শিক্ষাদর্শন, একাডেমিক পরিকল্পনা, পাঠদান পদ্ধতি, শিক্ষার পরিবেশ, শিক্ষক প্যানেল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অভিভাবকদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দীন (অব:) এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম। অভিভাবক সমাবেশে প্রতিষ্ঠানটি আফটার স্কুল মাকতাব প্রোগ্রামের শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দীন (অব:) বলেন, ‘একটি শিশুর প্রকৃত শিক্ষা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং তার মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মানবিকতা, সৃজনশীলতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটানোও সমান গুরুত্বপূর্ণ। আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষার সাথে ইসলামী আদর্শের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের যোগ্য, আদর্শবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, ‘প্রতিটি শিশুর মেধা, আগ্রহ ও শেখার সক্ষমতা আলাদা। তাই শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় রেখে আনন্দদায়ক, নিরাপদ ও শিশুবান্ধব শিক্ষার পরিবেশের ওপর প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব দিচ্ছে।’
সভাপতির বক্তব্যে মো: সাইফুল ইসলাম বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য নির্ভর করে তার দূরদর্শী নেতৃত্ব, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং শিক্ষার প্রতি দায়বদ্ধতার ওপর। ল্যানটার্নস ইন্টারন্যাশনাল স্কুলকে একটি সুপরিকল্পিত ও মানসম্মত ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে, যেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনে সমান গুরুত্ব দেয়া হবে। এ লক্ষ্য বাস্তবায়নে আমি অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।’
তিনি জানান, একাডেমিক মান, প্রাতিষ্ঠানিক উৎকর্ষ ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাকে আরো সমৃদ্ধ করতে দেশের খ্যাতিমান শিক্ষাবিদ ও উচ্চশিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা ল্যানটার্নস ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) গাজীপুরের সাবেক ভিসি ড. মোহাম্মদ ফজলি ইলাহী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, এমআইইউর প্রিন্সিপাল ড. মোশাররফ হোসেন।
সভাপতির মো: সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দক্ষ, প্রশিক্ষিত ও দায়িত্বশীল শিক্ষকমণ্ডলী। শিক্ষার্থীদের বয়স, শেখার গতি, আগ্রহ ও ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় রেখে পাঠদানের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, ভাষাগত দক্ষতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে এসব শিক্ষক বিশেষ ভূমিকা পালন করবেন। এ প্রতিষ্ঠানে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি বাংলা ও আরবি ভাষার চর্চা এবং ইসলামী জ্ঞান ও মূল্যবোধের বিকাশকেও গুরুত্ব দেয়া হবে।’
সভায় উপস্থিত অভিভাবকরা প্রতিষ্ঠানের শিক্ষা পরিকল্পনা, পাঠদান পদ্ধতি, শিক্ষক নির্বাচন, নিরাপত্তা, সহশিক্ষা কার্যক্রম এবং শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিষয়ে তাদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।
আয়োজকরা অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের পরামর্শকে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্ব দেয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানটি সার্বিক সমন্বয় ও পরিচালনার দায়িত্বে ছিলেন স্কুলের সমন্বয়ক আনিসুর রহমান। তাকে সহযোগিতা করেন স্থপতি জিনারুল ইসলাম, মিরাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








