গ্রামপর্যায়ে প্রাণিচিকিৎসা নিয়ে পবিপ্রবি শিক্ষার্থীদের ফ্রি ভেটেরিনারি ক্যাম্প
গ্রামপর্যায়ে প্রাণিচিকিৎসা নিয়ে পবিপ্রবি শিক্ষার্থীদের ফ্রি ভেটেরিনারি ক্যাম্প। নয়া দিগন্ত

গ্রামপর্যায়ে প্রাণিচিকিৎসাসেবা পৌঁছে দিতে বরিশালের মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতাল। এতে সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইভিএসএ), পবিপ্রবি শাখা।

Advertisement

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রায় ৩০০টি প্রাণীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। এ সময় প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়ের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের চিফ ভেটেরিনারিয়ান অধ্যাপক ড. মো: সেলিম আহমেদ ও মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রভাষক ডা: মিজানুর রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ বর্ষের ভেটেরিনারি শিক্ষার্থীরা চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন।

Advertisement

ক্যাম্পে স্থানীয় খামারি ও প্রাণিপালকদের বিভিন্ন গৃহপালিত প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রাণীর রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।

এ বিষয়ে আইভিএসএ পবিপ্রবি শাখার সভাপতি সাইমুন হাসান বলেন, ‘এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে আমাদের সহযোগিতার সুযোগ করে দেয়ায় পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও প্রান্তিক পর্যায়ে প্রাণিসম্পদের চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভেটেরিনারি টিচিং হাসপাতালের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করছি।’

মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রভাষক ডা: মিজানুর রহমান বলেন, ‘প্রান্তিক পর্যায়ে প্রাণিসম্পদের চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ তৈরি করে।’

ভেটেরিনারি টিচিং হাসপাতালের চিফ ভেটেরিনারিয়ান অধ্যাপক ড. মো: সেলিম আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের মাঠপর্যায়ে বাস্তবমুখী শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে আমাদের কোর্সের অংশ হিসেবে প্রতি বছর এ ধরনের ক্যাম্পের আয়োজন করা হয়। পাশাপাশি যেসব প্রান্তিক পশুপালকের পক্ষে হাসপাতালে এসে প্রাণীর চিকিৎসা করানো সম্ভব হয় না, তাদের দোরগোড়ায় ভেটেরিনারি চিকিৎসাসেবা পৌঁছে দেয়াও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’