গণিত অলিম্পিয়াড
প্রতিযোগিতার উদ্বোধন করছেন ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

Advertisement

শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে প্রতিযোগিতার খুলনা আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় তিনি বলেন, ‘উন্নত, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তে গণিতচর্চা ও যৌক্তিক চিন্তার বিকল্প নেই। ডিজিটালাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গণিতের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। গণিত শুধু পাঠ্যবইয়ের একটি বিষয় নয়, বরং সব বিজ্ঞানের মূল ভিত্তি। তাই শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ ও ভালোবাসা তৈরি করা জরুরি।’

Advertisement

ভিসি বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও চিন্তাশক্তি যাচাইয়ের সুযোগ পায়। তাই একে শুধু বিজয় অর্জনের প্রতিযোগিতা হিসেবে না দেখে শেখা ও নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ হিসেবে নিতে হবে।’

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইংরেজি মাধ্যমে ১২০ মিনিটের এ পরীক্ষায় আটটি প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নের মান ছিল ১০ নম্বর। ক্যালকুলাস, অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, সংখ্যাতত্ত্ব ও কম্বিনেটরিক্স থেকে প্রশ্ন করা হয়।

বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।

জানা গেছে, এ আঞ্চলিক পর্বের আহ্বায়কের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মো: আসাদুজ্জামান। প্রতিযোগিতায় বিজয়ীরা আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নেবেন। সেখানে সেরা প্রতিযোগীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৭ সালের আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আল মোহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো: এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো: ইদ্রিস আলী। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য প্রফেসর ড. মনিরুল আলম সরকার। এ ছাড়া বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আসাদুজ্জামান ও আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মিজানুর রহমান। আলোচনা শেষে অতিথিদের উপস্থিতিতে একটি র‍্যালি বের করা হয়।