সাউথইস্ট ইউনিভার্সিটিতে ১২তম আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ১২তম আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। নয়া দিগন্ত

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ)-তে ৩০-৩১ অক্টোবর ২০২৬ তারিখে দুই দিনব্যাপী ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ (IEEE WIECON-ECE 2026) অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এতে গবেষণালব্ধ ফলাফল বিনিময়, প্রযুক্তিগত উদ্ভাবন শেয়ার এবং প্রকৌশল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উৎসাহিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) এসইইউ মাল্টিপারপাস হলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো: আসলাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ; টিপিসি চেয়ার অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ; আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার ও অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. এম. ইমামুল হাসান ভূঁইয়া এবং সম্মেলনের প্যাট্রন ও এসইইউ-এর ভিসি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের জেনারেল চেয়ার ও এসইইউ-এর প্রো-ভিসি অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেখক, সেশন চেয়ার, এসইইউ-এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মেলনে ৬০০টিরও বেশি গবেষণাপত্র জমা পড়ে। যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, চীন, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের গবেষক ও লেখকরা এতে অংশ নেন। গবেষণার উচ্চ মান বজায় রাখতে কঠোর পিয়ার-রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে মাত্র ২৫% গবেষণাপত্র গ্রহণের জন্য নির্বাচিত করা হয়।

সম্মেলনে দেশী-বিদেশী বিশিষ্ট বিশারদদের মূল প্রবন্ধ (কীনোট অ্যাড্রেস) ও আমন্ত্রিত বক্তব্য উপস্থাপিত হয়। আমন্ত্রিত বক্তাদের মধ্যে ছিলেন সুইডেনের সিনিয়র ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিস্ট ও সিআইএসও মার্গারেথা এরিকসন; সুইডেনের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজির আইইইই ফেলো এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর অধ্যাপক লিনা বার্টলিং জার্নবার্গ; ভারতের কেরালা ইউনিভার্সিটির জ্যোতি রামাস্বামী; যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনের পদমজা পুলিভার্তি; রাইথ (RAITH)-এর অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার (লিথোগ্রাফি) ডা: রাইসা ফাবিহা এবং ভারতের কোলকাতার টিসিএস রিসার্চের সিনিয়র সায়েন্টিস্ট ড. মঞ্জিরা সিনহা।

৩১ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই সম্মেলনের সমাপ্তি ঘটে। সম্মেলনে অসামান্য গবেষণা অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি টেকনিক্যাল সেশনের সেরা উপস্থাপকদের ‘বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড’ দেয়া হয়।