এইচএসসি ফলাফল
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর। নয়া দিগন্ত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে। বোর্ডে পাসের হার নেমে এসেছে ৪৫.৯৮ শতাংশে।

Advertisement

২০২১ সালে যেখানে পাশের হার ছিল ৯২.৪৩ শতাংশ সেখানে পাশের হার অর্ধেকের নিচে নেমে এসেছে। জিপিএ -৫ পেয়েছে এবার ২৯৫৩ জন। গত বছর অর্থাৎ ২০২৫ সালে ছিল ৬২৬০ জন। এক বিষয়ে এবার ফেলের সংখ্যা ৩২ হাজার ৪৫৯ জন। ২০২৩ সালে ফেলের সংখ্যা ছিল ১৫ হাজার ১৬৮ জন। কেউ পাশ করতে পারেনি এমন কলেজের সংখ্যা এবার বেড়ে হয়েছে ৪৯ টি। ২০২৪ সালে পাশ না করার কলেজের সংখ্যা ছিল মাত্র ২০ টি। শতভাগ পাশ করা কলেজর সংখ্যা এবার মাত্র ৬টি। গত বছরে পাশ করা কলেজের সংখ্যা ছিল ১১টি। সেই তুলনায় সব বিভাগেই  বড় ধস নেমেছে।

দিনাজপুর বোর্ডের অধীনে ২০২৬ সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ১,১১,৭৮৭ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৫৩,৩০৮ জন এবং ছাত্রী সংখ্যা ৫৮,৪৭৯ জন।

চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে ৫১,৩৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র পাসের হার ৪১.৩৯% এবং ছাত্রী পাসের হার ৫০.২৬%। বিগত বছরের তুলনায় পাসের হার কমলেও বরাবরের মতোই এবারও পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষাবিদদের মতে, নিয়মিত ক্লাসের ঘাটতি এবং পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনের কারণে এবার পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যায় এই বড় পতন লক্ষ্য করা গেছে। ফলাফল বিপর্যয় কাটিয়ে উঠতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আরও যত্নবান হওয়ার তাগিদ দিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ।