
স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে ক্যান্সার সচেতনতামূলক সংগঠন ক্যাপের (ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
‘যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের আমবাগান থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় স্তন ক্যান্সারের আগাম শনাক্তকরণ ও সচেতনতার বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন তারা।
শোভাযাত্রা শেষে আমবাগানের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সময়মতো স্তন ক্যান্সার শনাক্ত করা গেলে অনেক জীবন বাঁচানো সম্ভব। এ রোগ নিয়ে সামাজিক সংকোচ ও ভুল ধারণা দূর করে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘ক্যান্সার প্রতিরোধ ও এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। বিশেষ করে মেয়েদের মধ্যে এ ধরনের সচেতনতা ক্যান্সারের মতো ভয়াবহ রোগ মোকাবিলায় সহায়তা করবে।’
তিনি আরো বলেন, ‘সচেতনতামূলক কার্যক্রমটি শুধু এ অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্কুল-কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া প্রয়োজন। নারীশিক্ষার ক্ষেত্রেও এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
এ বিষয়ে আরো উদ্যোগ নিতে আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








