
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে দিনব্যাপী আইন সচেতনতা কর্মশালা ‘লিগ্যাল লিটারেসি বুটক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সাংবিধানিক আইন ও নাগরিক অধিকার নিয়ে আলোচনা করেন সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ইমরান সিদ্দিক। ফৌজদারি আইনের সুরক্ষা নিয়ে আলোচনা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-সংক্রান্ত আইন ও বিচারপ্রক্রিয়া নিয়ে আলোচনা করেন ট্রাইব্যুনালের সাবেক প্রধান প্রসিকিউটর ও জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। ডিজিটাল ও সাইবার সুরক্ষা বিষয়ে আলোচনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাসনুভা শেলী।
আইনি সহায়তা বিষয়ে আলোচনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ মিফতাহুল জান্নাত। পারিবারিক আইন ও নারী অধিকার নিয়ে আলোচনা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। কোম্পানি আইন, ঋণখেলাপি ও চেক প্রত্যাখ্যানসংক্রান্ত বিষয়ে আলোচনা করেন ব্যারিস্টার সাকিব মাহবুব।
জমি-জমা সংক্রান্ত বিরোধের আইন নিয়ে আলোচনা করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন নিয়ে আলোচনা করেন অ্যাডভোকেট শাইখ আল হাসান জনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন।
দিনব্যাপী আলোচনা শেষে বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডাকসুর আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া এবং কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া।
এ ছাড়া কর্মশালার পাশাপাশি সিনেট প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শের ব্যবস্থা করা হয়।
ডাকসুর আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়ার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।








