নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান
নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান নয়া দিগন্ত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমানকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, ড. মোহাম্মদ আতাউর রহমান সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।