রাজশাহী বিশ্ববিদ্যালয়
পিএইচডি গবেষকদের নিয়ে রাবির আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবীনবরণ নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ৬ জন পিএইচডি ও ২৬ জন এমফিল নবীন গবেষককে বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আইবিএস সেমিনার কক্ষে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।

আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো: ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম এবং প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।

নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখার জন্য নবীন গবেষকদের প্রতি আহ্বান জানান।

নবীন গবেষক মো: মিরাজুল ইসলাম বলেন, ‘একজন গবেষক হিসেবে আজকের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই গর্বিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রথমবারের মতো আইবিএসের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘আইবিএস বাংলাদেশ সম্পর্কে জানার অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশের অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের তুলনায় আইবিএসের অবস্থান কিছুটা স্বতন্ত্র। আগামী বাজেটে আইবিএসের জন্য বিশেষ বরাদ্দের ব্যবস্থা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

সভাপতির বক্তব্যে আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো: ফজলুল হক বলেন, ‘গবেষণার মান কেমন হবে, সেই দায়িত্ব মূলত গবেষকদের। আর গবেষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দায়িত্ব আইবিএস কর্তৃপক্ষের। এই দুইয়ের মাঝামাঝি একজন সেবক হিসেবে কাজ করার দায়িত্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের। আমরা সেই কাজটিই করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা চাই, আইবিএস একটি সুন্দর পরিসরে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হোক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান ও মর্যাদা আন্তর্জাতিক পর্যায়ে আরও উচ্চতর অবস্থান তৈরি করুক। এখান থেকে ভালো গবেষক ও মানসম্মত গবেষণা তৈরি হলে প্রশাসনও আইবিএসের প্রতি আরো বেশি গুরুত্ব দেবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন আইবিএসের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল, আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ড. মোহাম্মদ নাজিমুল ও অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি অধ্যাপক ড. কামরুজ্জামান।