জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা ছবি: নয়া দিগন্ত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাওয়া জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১৯ মার্চ ‘বি’ ইউনিট ও ২০ মার্চ ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ।

প্রতিটি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, ২০২৭ সালের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল দায়িত্বে রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।