
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (৫৬তম ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে, যা আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ভার্চুয়ালি এই আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম।
অনুষ্ঠানে ভিসি বলেন, ভর্তি আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
তিনি বলেন, ‘আমাদের অভিজ্ঞ শিক্ষকদের সহযোগিতায় আমরা এই প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করতে চাই। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’
অনুষ্ঠানে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো: শামছুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: সোহেল রানা, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল অনলাইন আবেদন প্রক্রিয়াটি পরিচালনা করবে। আবেদন এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (admission.juniv.edu)-এ পাওয়া যাবে।
এর আগে, গত ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তির প্রকাশ করে।
সাতটি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা আগামী বছরের ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









