
বহর আধুনিকায়নের অংশ হিসেবে ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স। বিশ্বজুড়ে বিমান সংস্থাগুলো জ্বালানি সাশ্রয়ী উড়োজাহাজের দিকে ঝুঁকতে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
মালয়েশিয়ার জাতীয় বিমান সংস্থাটির মূল প্রতিষ্ঠান মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ (এমএজি)-এর প্রেসিডেন্ট নাসারুদ্দিন এ বাকর বুধবার (২৫ নভেম্বর) এ কথা জানান।
তিনি বলেন, চুক্তি অনুযায়ী ৭৮৭-১০ মডেলের ১০টি উড়োজাহাজ কেনার পাশাপাশি আরো ছয়টি উড়োজাহাজ কেনার সুযোগ থাকবে এমএজির।
কুয়ালালামপুরে নাসারুদ্দিন বলেন, ‘বিস্তারিত মূল্যায়নের পর মালয়েশিয়া এয়ারলাইন্সের জন্য বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।’
এমএজির এ ঘোষণা এমন এক সময়ে এলো, যখন আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো তাদের উড়োজাহাজের বহর আধুনিকায়ন করছে।
তবে এ চুক্তির আওতায় উড়োজাহাজ কেনার মূল্য জানাতে রাজি হননি নাসারুদ্দিন। তিনি জানান, ছাড় দেয়ার আগে ‘১৬টি উড়োজাহাজ ও ইঞ্জিনের’ তালিকামূল্য ছিল প্রায় ৯৩০ কোটি ডলার।
বোয়িং ৭৮৭-১০ মডেলের উড়োজাহাজে প্রায় ৩৩০ জন যাত্রী বহন করা যায়। এ মডেলের সাথে সরাসরি প্রতিযোগিতা রয়েছে এয়ারবাস এ৩৫০-৯০০ ও এ৩৩০-৯০০নিও উড়োজাহাজের।
এর আগে, গত বছরের মার্চে বহর আধুনিকায়নের অংশ হিসেবে ৩০টি বোয়িং ৭৩৭-৮ ও ৭৩৭-১০ উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছিল এমএজি।
বুধবারের সিদ্ধান্তকে মালয়েশিয়া এয়ারলাইন্সের জন্য এ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ বহর-সংক্রান্ত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন নাসারুদ্দিন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









