জাপানের পতাকা
জাপানের পতাকা ছবি: সংগৃহীত

জাপানের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব জাপান (বিওজে)’ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মূল সুদের হার বাড়িয়ে ১ দশমিক ২৫ শতাংশ করেছে। এটি ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে দেশটির সর্বোচ্চ সুদের হার। 

জ্বালানির মূল্যবৃদ্ধি ও দুর্বল ইয়েনের কারণে বাড়তে থাকা মূল্যস্ফীতি মোকাবেলায় সুদের হার আরো বাড়ানো হবে বলেও জানিয়েছে ব্যাংকটি।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও মার্কিন ফেডারেল রিজার্ভ সম্প্রতি মুদ্রানীতি কঠোর করার পর বাজারে জাপানের সুদের হার বাড়ানোর প্রত্যাশা ছিল।

বিওজে জানিয়েছে, মূল সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্তটি ৭-২ ভোটে অনুমোদন পেয়েছে।  

মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কটের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির ওপর আরো চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সঙ্কটটি শিগগির শেষ হওয়ার কোনো স্পষ্ট লক্ষণও দেখা যাচ্ছে না। ফলে ঋণের খরচ বাড়ানোর জন্য জাপানের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ওপর চাপ বেড়েছে।

এদিকে ইয়েনের দর শক্তিশালী করার বিষয়টিও বিবেচনা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। গত জুলাইয়ে মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও জাপান বৈদেশিক মুদ্রাবাজারে যৌথভাবে ঐতিহাসিক হস্তক্ষেপ করে।

বিওজে বলেছে, ‘ভবিষ্যতে মুদ্রানীতি পরিচালনার ক্ষেত্রে, মূল্যস্ফীতির মূল সূচক (সিপিআই) ২ শতাংশের কাছাকাছি পৌঁছানো এবং আর্থিক পরিস্থিতি সহায়ক থাকায় ব্যাংকটি নীতিগত সুদের হার আরো বাড়াতে থাকবে।’

সূত্র : বাসস