১৯৭৯ সালের ২২ নভেম্বর ইবির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান
১৯৭৯ সালের ২২ নভেম্বর ইবির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নয়া দিগন্ত
ads

‘ইসলামী বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশেই নয়; সারা মুসলিম জাহানের নেতৃত্ব দেবে। প্রাচ্যের দেশগুলোর মধ্যে উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণার অন্যতম কেন্দ্র হবে এ বিশ্ববিদ্যালয়।’— ১৯৭৯ সালের ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এমন স্বপ্নের কথা বলেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান।

তার পরিকল্পনায় বিশ্ববিদ্যালয়টি ছিল ইসলামী শিক্ষা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে গড়ে ওঠা স্বতন্ত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠার ৪৭ বছর পর সেই স্বপ্ন ও লক্ষ্য থেকে অনেকটাই সরে এসেছে বিশ্ববিদ্যালয়টি।

জানা যায়, ১৯৭৬ সালের ১ ডিসেম্বর সরকার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এর ধারাবাহিকতায় ১৯৭৭ সালের ২৭ জানুয়ারি অধ্যাপক এম এ বারীর নেতৃত্বে সাত সদস্যের একটি পরিকল্পনা কমিটি গঠন করা হয়।

কমিটি বিভিন্ন দেশের ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে ওই বছরের ২৯ আগস্ট চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদর্শন, বিভাগ, পাঠ্যক্রম, শিক্ষক নিয়োগ, গবেষণা, শিক্ষার্থী ভর্তি ও ক্যাম্পাস পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।

একই বছর ৩১ মার্চ থেকে ৮ এপ্রিল মক্কায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনেও মুসলিম দেশগুলোতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। পরে ১৯৭৯ সালের ২২ নভেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কুষ্টিয়া-ঝিনাইদহের মধ্যবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরে ১৭৫ একর জমিতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়

ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশ নয়; সারা মুসলিম জাহানের নেতৃত্ব দেবে। প্রাচ্যের দেশগুলোর মধ্যে উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণায় এটি হবে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। মুসলিম বিশ্বের মধ্যে সেতুবন্ধন তৈরি করে ইসলামী শিক্ষা ও গবেষণার পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এটি।’

তার বক্তব্য ও প্রতিষ্ঠাকালীন পরিকল্পনায় সাধারণ শিক্ষার সাথে ইসলামী ভাবধারার সমন্বয়, মূল্যবোধের অবক্ষয় রোধ এবং ন্যায়নিষ্ঠ ও নীতিবান সুনাগরিক গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়।

১৯৭৬ সালে জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি ও ১৯৭৭ সালের জাতীয় রায়ের প্রেক্ষাপটে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হিসেবে বাংলাদেশে ইসলামী শিক্ষা ও গবেষণার প্রথম বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। প্রচলিত পাশ্চাত্য শিক্ষাদর্শনের প্রভাব কাটিয়ে জ্ঞানের প্রতিটি শাখায় ইসলামী চিন্তা, নৈতিকতা ও আধ্যাত্মিকতার সমন্বয় ঘটিয়ে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনাই ছিল এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তবে প্রতিষ্ঠার ৪৭ বছর পরও সেই লক্ষ্য ও পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কাঠামো ও বিভাগ পরিচালনায় দেশের অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়ের সাথে তেমন কোনো মৌলিক পার্থক্য দেখা যায় না। স্বতন্ত্র শিক্ষাদর্শন ও বিশেষায়িত বৈশিষ্ট্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সাথে বিশ্ববিদ্যালয়টি অনেকটাই সাধারণ ধারার বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠাকালীন পরিকল্পনা বাস্তবায়নে ভর্তি, পাঠ্যক্রম, বিভাগ প্রতিষ্ঠা, গবেষণা ও শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সুপারিশ করেছিল পরিকল্পনা কমিটি। এর মধ্যে প্রতিটি বিভাগে সাধারণ ও মাদরাসা শিক্ষার্থীদের ভর্তিতে ৫০:৫০ অনুপাত রাখার প্রস্তাব ছিল। ১৯৮৫-৮৬ থেকে ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষ পর্যন্ত এ নীতি কার্যকর থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে এ নীতি চালুর সিদ্ধান্ত হলেও গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার জটিলতায় তা বাস্তবায়িত হয়নি।

একইভাবে সব বিভাগের শিক্ষার্থীদের জন্য ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশও কার্যকর হয়নি। সম্প্রতি প্রশাসন এ বিষয়ে ক্রেডিট কোর্স চালুর উদ্যোগ নিলে কয়েকটি সংগঠন আপত্তি জানায়। পরে অমুসলিম শিক্ষার্থীদের জন্য বিকল্প কোর্স রাখার কথা জানায় প্রশাসন।

এছাড়া কোরআন, হাদিস, দাওয়াহ, শরিয়াহ ও ইসলামী দর্শনসহ বিভিন্ন বিষয়ে পৃথক বিভাগ প্রতিষ্ঠার সুপারিশ থাকলেও সব বিভাগ গড়ে ওঠেনি। গবেষণা ও শিক্ষক প্রশিক্ষণের জন্যও প্রতিবেদনে বিভিন্ন উদ্যোগের কথা বলা হয়।

এর অংশ হিসেবে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে গবেষণা, জার্নাল প্রকাশনা, ভাষা শিক্ষা ও বিএড, এমএড ও বিএমএড প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে। তবে অনুবাদ ও প্রকাশনা ব্যুরো, মধ্যপ্রাচ্য গবেষণা ইনস্টিটিউট ও জাদুঘর প্রতিষ্ঠার সুপারিশ বাস্তবায়িত হয়নি।

শিক্ষকদের ইসলামী শিক্ষা ও আরবি বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ, ক্যাম্পাসে শিক্ষকদের আবাসন ও শিক্ষার্থীদের নিয়মিত তত্ত্বাবধানের বিষয়েও পরিকল্পনা কমিটির সুপারিশ ছিল। তবে এসব উদ্যোগও বাস্তবায়িত হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা নিশ্চিত করা। কিন্তু সময়ের সাথে সেই লক্ষ্য কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ক্যাম্পাসের সাংস্কৃতিক আয়োজনে ব্যান্ডসঙ্গীত, নাচসহ বিভিন্ন পরিবেশনা নিয়ে অশালীনতা ও অপসংস্কৃতির অভিযোগ উঠেছে। পাশাপাশি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের আচরণ, শিক্ষকদের ভূমিকা, রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও প্রতিষ্ঠাকালীন আদর্শকে প্রশ্নবিদ্ধ করছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকের শিক্ষার্থী ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার মূল লক্ষ্য থেকে সরে যেতে শুরু করে সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) সিরাজুল ইসলামের সময় থেকেই। পরবর্তী সময়ে কয়েকটি প্রশাসন তা ফিরিয়ে আনার চেষ্টা করলেও বিগত ফ্যাসিস্ট আমলে বিশ্ববিদ্যালয়টি পুরোপুরি লক্ষ্যচ্যুত হয়।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর গত প্রশাসন এ বিষয়ে উদ্যোগ নেয়। বর্তমান প্রশাসনও সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি, এই প্রশাসনের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠাকালীন স্বপ্ন পূর্ণতা পাবে।’

তিনি আরো বলেন, ‘অপসংস্কৃতির প্রভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়ে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীসহ গুরুত্বপূর্ণ দিবসের আয়োজনে অনেক সময় অশালীন সাংস্কৃতিক পরিবেশনা দেখা যায়, যা প্রতিষ্ঠাকালীন আদর্শের সাথে সাংঘর্ষিক। কখনো কখনো প্রশাসনকেও এসব আয়োজনে সহযোগিতা করতে দেখা যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এখন রাষ্ট্রক্ষমতায়। আশা করি, সরকার বিশ্ববিদ্যালয়টিকে প্রতিষ্ঠার মূল আদর্শে ফিরিয়ে নিতে কার্যকর উদ্যোগ নেবে।’

বিশ্ববিদ্যালয়ের গ্রিন ফোরামের সভাপতি ও আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে এ দেশের ধর্মপ্রাণ মানুষের দীর্ঘ আন্দোলন রয়েছে। তাদের স্বপ্ন ছিল, এখানে ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয় হবে। কিন্তু রাষ্ট্রীয় সীমাবদ্ধতা, বিভিন্ন প্রশাসন ও স্বার্থান্বেষী মহলের কারণে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার মূল লক্ষ্য থেকে সরে গেছে।’

তিনি আরো বলেন, ‘এখন অনেক শিক্ষার্থীই ভুলতে বসেছে, এটি একটি বিশেষায়িত ইসলামী বিশ্ববিদ্যালয়। তবে প্রতিষ্ঠাকালীন সুপারিশ বাস্তবায়ন, গবেষণার সুযোগ বাড়ানো, নৈতিকতার চর্চা ও শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে এখনো বিশ্ববিদ্যালয়টিকে মূল বৈশিষ্ট্যে ফিরিয়ে নেয়া সম্ভব।’