গাজীপুর, শ্রীপুর, পোশাকশ্রমিকদের বিক্ষোভ, গার্মেন্টস শ্রমিক, মজুরি বৃদ্ধির দাবি, কর্মবিরতি, মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, মহাসড়কে যানজট, মহাসড়কে যান চলাচল বন্ধ, শিল্প পুলিশ, গাজীপুর শিল্পাঞ্চল, এসআরবি, বিজিবি, আনসার, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, যান চলাচল স্বাভাবিক
গাজীপুরের ম্যাপ। নয়া দিগন্ত
ads

গাজীপুরের শ্রীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও মহাসড়কে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এতে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে বন্ধ কারখানাগুলোর মধ্যে নতুন করে আরো ১৬টি চালু হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকাল থেকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। সকাল ১০টার দিকে তাদের বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হতে থাকে।

খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়লে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পাশের সড়ক দিয়ে আনসার রোডের দিকে চলে যান। পরে সাবলাইম কারখানার সামনের একটি মোড়ে অবস্থান নিয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর শ্রমিকরা সেখান থেকে সরে গিয়ে ১ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় অবস্থান নেন। পুলিশ সেখানে আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে দূরে সরিয়ে আনসার রোড হয়ে পশ্চিম দিকে পাঠানো হয়। দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ-২-এর গাজীপুরের পুলিশ সুপার মো: আমজাদ হোসেন বলেন, ‘সকালে শ্রীপুরের চারটি কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।’

তিনি জানান, বন্ধ কারখানাগুলোর মধ্যে আপ নতুন করে আরো ১৬টি চালু হয়েছে। গাজীপুরের শিল্পাঞ্চলগুলোর সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।