
গুয়াতেমালায় এক আইনপ্রণেতাকে লক্ষ্য করে চালানো সশস্ত্র হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে ওই আইনপ্রণেতা অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।
স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তা বায়রন ভাসকেস সাংবাদিকদের জানান, শুক্রবার (৬ নভেম্বর) পূর্বাঞ্চলীয় জাকাপা বিভাগের রিও হন্ডো শহরে অবস্থানকালে কংগ্রেস সদস্য হুলিও পোর্তিয়ো হামলার শিকার হন। এলাকাটি মাদক পাচারের জন্য পরিচিত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত তিনজনই দেশটির জাতীয় বেসামরিক পুলিশের সদস্য। আইনপ্রণেতাকে লক্ষ্য করে চালানো ‘সরাসরি হামলা’ প্রতিহত করতে গিয়ে তাদের মৃত্যু হয়।
হামলাকারীরা পালিয়ে গেছেন। এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
জাকাপা অঞ্চলের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে লোরেনজানা মাদকপাচার চক্র। এই চক্রের সাথে মেক্সিকোর সিনালোয়া মাদক চক্রের সংশ্লিষ্টতা রয়েছে।
পোর্তিয়ো ২০২৩ সালে বিরোধী দল কাবালের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে পরবর্তী সময়ে তিনি সাবেক ফার্স্ট লেডি সান্দ্রা তোরেসের নেতৃত্বাধীন ন্যাশনাল ইউনিটি অব হোপ দলে যোগ দেন।
আগামী বছর গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচনে সান্দ্রা তোরেসের প্রার্থী হওয়ার কথা রয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








