যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন
জর্জিয়ার একটি ভোটকেন্দ্র। রয়টার্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ফ্লোরিডা থেকে পেনসিলভানিয়া পর্যন্ত সব জায়গাতেই পুরোদমে ভোট হচ্ছে।

Advertisement

ফ্লোরিডা, দেলাওয়ার, জর্জিয়া, ইলিনয়, লুজিয়ানা, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিসৌরি, পেনসিলভানিয়া, রোডস আইল্যান্ড, সাউথ ক্যারোলাইনা ও ওয়াশিংটন ডিসিতে ভোটগ্রহণ এখন চলছে।

এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ভোটকেন্দ্র খোলার মাধ্যমে নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

দেশটির কোন রাজ্যে কখন ভোট শুরু হবে তা রাজ্য গভর্নররা সিদ্ধান্ত নিয়ে থাকেন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকা রাজনৈতিক দল দেশটির আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ক্ষমতা পায়। এসব আইন যুক্তরাষ্ট্রের মানুষের জীবনকে প্রভাবিত করে।

বর্তমানে হোয়াইট হাউস এবং কংগ্রেসের উভয় কক্ষ—প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেট—নিয়ন্ত্রণ করছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

যদিও উভয় কক্ষেই তাদের সংখ্যাগরিষ্ঠতা খুব সামান্য, তবু নিজেদের পছন্দের আইন উত্থাপন এবং প্রেসিডেন্টের অনুমোদন নিয়ে তা কার্যকর করার ক্ষমতা তাদের রয়েছে।

এই পরিস্থিতির পরিবর্তন চায় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি।

যুক্তরাষ্ট্রজুড়ে ভোটকেন্দ্রগুলো খুলতে শুরু করার সময় পর্যন্ত আগাম ভোট পড়েছে ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬২টি।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের আরো বেশকিছু অঙ্গরাজ্যে আগাম ভোট দেয়ার সুযোগ চালু হয়েছে। সেন্টার ফর ইলেকশন ইনোভেশন অ্যান্ড রিসার্চের তথ্য অনুযায়ী, দেশটির ৯৭ শতাংশ যোগ্য ভোটার এমন এলাকায় বসবাস করেন, যেখানে আগাম ভোট দেয়ার সুযোগ রয়েছে।

সূত্র : বিবিসি