নির্বাচন, ডোনাল্ড ট্রাম্প, জনপ্রিয়তা, ডেমোক্র্যাটরা, রিপাবলিকান,
ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন তাঁর রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের বড় একটি অংশ ট্রাম্পের বিরোধিতা করতেই ভোট দিতে যাচ্ছেন। রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে এ চিত্র উঠে এসেছে।

Advertisement

সোমবার (২ নভেম্বর) শেষ হওয়া জরিপের ফল সোমবার প্রকাশ করে রয়টার্স। এতে দেখা যায়, কংগ্রেস নির্বাচনে ভোটারদের ৪৬ শতাংশ ডেমোক্র্যাটদের পক্ষে এবং ৩৮ শতাংশ রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে চান। অর্থাৎ ডেমোক্র্যাটরা ৮  পয়েন্টে এগিয়ে রয়েছেন। তবে এক সপ্তাহ আগের জরিপে দলটি ১১  পয়েন্টে এগিয়ে ছিল।

এই জরিপের ফল রিপাবলিকানদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ট্রাম্প যুদ্ধ শুরু করার পর থেকে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দলটির ওপর চাপ তৈরি হয়েছে।

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প নিজে প্রার্থী না হলেও ভোটের মাঠে তাঁর প্রভাব বড় হয়ে উঠেছে। জরিপে অংশ নেয়া ৩২ শতাংশ মানুষ বলেছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের কাজকর্মে তাঁরা সন্তুষ্ট। এক সপ্তাহ আগেও এই হার একই ছিল। দুই সপ্তাহ আগে তা নেমে এসেছিল ৩১ শতাংশে, যা ছিল তাঁর রাজনৈতিক জীবনের সর্বনিম্ন জনসমর্থন।

নিবন্ধিত স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৫০ শতাংশ বলেছেন, কংগ্রেস নির্বাচনে তাঁদের ভোট হবে ট্রাম্পের বিরুদ্ধে। ১৩ শতাংশ বলেছেন, তাঁরা ট্রাম্পের পক্ষে ভোট দিচ্ছেন। আর ৩৩ শতাংশের মতে, তাঁদের ভোটের সিদ্ধান্তে প্রেসিডেন্ট কোনো প্রভাব ফেলছেন না।

জরিপে জীবনযাত্রার ব্যয়ও ভোটারদের কাছে বড় ইস্যু হিসেবে উঠে এসেছে। ৭৮ শতাংশ ভোটার বলেছেন, ভোট দেয়ার সিদ্ধান্তে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় খুবই গুরুত্বপূর্ণ অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে কোন দল ভালো করবে, এমন প্রশ্নে ৪৩ শতাংশ ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন। রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ।

ভোট দেয়ার ব্যাপারে ডেমোক্র্যাট সমর্থকদের আগ্রহও বেশি দেখা গেছে। তাঁদের ৪৯ শতাংশ বলেছেন, এবারের নির্বাচনে ভোট দিতে তাঁরা ‘খুবই আগ্রহী’। রিপাবলিকান সমর্থকদের মধ্যে এ হার ৩৩ শতাংশ।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনেই এবার নির্বাচন হচ্ছে। দুই দলের রাজনৈতিক কৌশলবিদদের ধারণা, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে তাদের বাধা বেশি। সাম্প্রতিক দিনগুলোতে আলাস্কা ও মিশিগানে ডেমোক্র্যাটদের অবস্থানও চাপে পড়েছে।

রয়টার্স ও ইপসোসের এ জরিপে অনলাইনে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৭৬৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। জরিপটির ভুলের সীমা ২  পয়েন্ট।