ভেনিজুয়েলা সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে
ভেনিজুয়েলা সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। সংগৃহীত ছবি

সাম্প্রতিক সময়ে অপরাধী চক্রের সহিংসতা বেড়ে যাওয়ায় ভেনিজুয়েলা সীমান্তবর্তী শহর কুকুতায় সাময়িকভাবে সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি এ নির্দেশ দেন। 

Advertisement

দেশটির নর্তে দে সান্তানদের বিভাগের রাজধানী কুকুতায় গত কয়েক দিনে একাধিক সহিংস ঘটনা ঘটেছে। 

এর মধ্যে এক মেয়র প্রার্থীকে হত্যা করা হয়েছে। এছাড়া বোমা হামলায় আহত হয়েছেন পুলিশের চার সদস্য। স্থানীয় প্রশাসন এসব তথ্য জানিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা কুকুতায় অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দেন। তিনি বলেন, ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা সাময়িকভাবে বহাল থাকবে।’

এ নির্দেশের ফলে শহরটিতে অতিরিক্ত সংখ্যক পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হবে। তবে কতজন নিরাপত্তা সদস্য পাঠানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

গত ৭ আগস্ট ক্ষমতা গ্রহণের পর এটি দ্বিতীয়বারের মতো কোনো শহরে সামরিক বাহিনীর উপস্থিতি বাড়ানোর নির্দেশ দিলেন ডানপন্থী প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা।

এর আগে সেপ্টেম্বরে দেশটির জনপ্রিয় পর্যটন শহর সান্তা মার্তায় একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন তিনি। 

সে সময় মাদক পাচারকারী একটি সশস্ত্র চক্রের হামলায় শহরটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কলম্বিয়া ও ভেনিজুয়েলার মধ্যে প্রায় দুই হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তের বিস্তীর্ণ ও দুর্গম এলাকাজুড়ে মাদক পাচার, অবৈধ খনিজ উত্তোলন এবং চোরাচালানের সাথে জড়িত একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে বিলুপ্ত সশস্ত্র সংগঠন রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-এর বিদ্রোহী অংশ এবং ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)।

সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা দেশজুড়ে আকাশ ও স্থল অভিযান জোরদার করেছেন।

সূত্র : বাসস