ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা
ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা। সংগৃহীত ছবি

মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন। স্থানীয় সরকার এ তথ্য জানিয়েছে।

Advertisement

সিনালোয়া অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিবালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানায়, ‘কারাগারের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’ 

তবে কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদক জানান, ঘটনাস্থলে একটি সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখেছেন। 

সিনালোয়ার জননিরাপত্তা সচিব সিনুহে তেলেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘নয়জন বন্দী এবং কারাগারে দেখা করতে আসা একজন কিশোর প্রাণ হারিয়েছেন। এছাড়া ১৬ জন বন্দী আহত হয়েছেন।’

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিনালোয়া অঙ্গরাজ্যটি মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের পরস্পরবিরোধী গোষ্ঠীগুলোর সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।

নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে— মেক্সিকোর এমন ছয়টি অঙ্গরাজ্যের একটি হলো সিনালোয়া।

সূত্র : বাসস