
উত্তর-পশ্চিম সেনেগাল উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে এবং এই প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে।
দুর্ঘটনা ও উদ্ধার অভিযান
সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার (৮ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়া ২১টি লাশের পাশাপাশি একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, শনিবার রাত পর্যন্ত এই মৃত্যুর সংখ্যাটি ‘সাময়িক’ ছিল। উদ্ধার অভিযান এখনো চলছে এবং নিহতদের পরিবারকে সহায়তা দেয়া হচ্ছে।
দুর্ঘটনাস্থল ও ভুক্তভোগীদের পরিচয়
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার রাজধানী ডাকার এবং উত্তরের শহর সেন্ট-লুইসের মধ্যবর্তী কেবেমার বিভাগের লুম্পুল বালিয়াড়ি উপকূলে পিরোগ (একধরনের চ্যাপ্টা তলদেশের নৌকা) জাতীয় নৌকাটি উল্টে যায়।
স্থানীয় 'লে সোলেইল' পত্রিকা জানিয়েছে, নিহতদের অধিকাংশই একই বিভাগের লিওনা ও থিয়িপ জেলার অধিবাসী ছিলেন।
ঝুঁকিপূর্ণ ক্যানারি রুট ও জরুরি অবস্থা
অভিবাসী অধিকার রক্ষা সংস্থা 'ওয়াকিং বর্ডারস'-এর তথ্যমতে, পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপে পৌঁছানোর চেষ্টায় সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার মানুষ মারা গেছেন, যার মধ্যে চলতি বছরের প্রথম পাঁচ মাসেই ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে অভিবাসী বোঝাই নৌকার আগমন তীব্রভাবে বৃদ্ধি পাওয়ায় ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরোর স্প্যানিশ কর্তৃপক্ষ শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে। এল হিয়েরো কর্তৃপক্ষ জানায়, নভেম্বর মাসের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৩০টি নৌকায় করে ৩,৩০০ জনেরও বেশি মানুষ সেখানে পৌঁছেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








