
ঢাকার আশুলিয়ায় পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে ট্যাংকের দেয়াল ধ্বসে ছকিনুর ইসলাম (৩০) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। প্রায় সাড়ে আট ঘণ্টার চেষ্টায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার দরগার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ছকিনুর নীলফামারীর কিশোরগঞ্জ থানার ছিট রাজীব গ্রামের মো: জাহিদুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় এনআরএল গ্রুপ নামে একটি পোশাক কারখানায় কাটিং বান্ডেলম্যান হিসেবে কর্মরত ছিলেন। উদ্ধার আট বছর বয়সী শিশু শাহিন কাজী লাভলু স্থানীয় দিনমজুর শাহাবুদ্দিন ও লাইলি দম্পতির সন্তান।
প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মী রবিউল ইসলাম জানান, বিকেলে মধ্য গাজীরচট এলাকার একটি পুকুরের পাশে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংকের জমে থাকা পানিতে মাছ শিকার করছিল শাহিন। অসাবধানতাবশত সে ট্যাংকের পানিতে পড়ে যায়। শিশুটিকে পানিতে হাবুডুবু খেতে দেখে তাৎক্ষণিকভাবে ছকিনুর ট্যাংকে নেমে পড়েন ও শিশুটিকে টেনে তুলে নিরাপদ স্থানে উঠিয়ে দেন। কিন্তু শিশুটি রক্ষা পেলেও ছকিনুর নিজে ওপরে ওঠার আগেই হঠাৎ জরাজীর্ণ সেপটিক ট্যাংকের দেয়াল ও পাড়ের মাটি ধ্বসে তার ওপর পড়ে। এতে তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা অতিরিক্ত ঘন বর্জ্য, পানি এবং ভারী দেয়াল ও পিলারের কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। উদ্ধারকাজে ব্যবহৃত পাম্পে ময়লা আটকে যাওয়ায় পানি নিষ্কাশন করতে দীর্ঘ সময় লাগে।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, দেয়াল ও পিলারের নিচে পুরো শরীর চাপা পড়ে থাকায় উদ্ধারকাজ পরিচালনা করতে বেশ বেগ পেতে হয়েছে। দীর্ঘ প্রায় সাড়ে আট ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে রাত সাড়ে ১১টার দিকে ধ্বংসস্তূপের নিচ থেকে ছকিনুরের লাশ বের করে আনা হয়।
পরে আশুলিয়া থানার এসআই ওয়াসিমের কাছে তার লাশ হস্তান্তর করে ফায়ার সার্ভিস।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









