দুর্ঘটনা, নিহত, আহত
নিহত (প্রতীকী)। ইন্টারনেট

নারায়ণগঞ্জের সদর থানা এলাকায় উৎসব পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় মোহাম্মদ আতিক (৩০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এই ঘটনায় মো: মাসুদ (৩৮) নামে আরো এক অটোচালক আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Advertisement

শনিবার দুপুরের দিকে নারায়ণগঞ্জ সদর থানাধীন কালিবাজার চাড়ারগোপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে দু’জনের মধ্যে আতিককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এবং মাসুদ বর্তমানে জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আতিক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার উত্তর ইস্কুল গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। নিহতের চার ভাই তিন বোন এবং তার পাঁচ বছর বয়সী এক সন্তান রয়েছে। তার স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। 
চিকিৎসাধীন মো: মাসুদ নাটোর জেলার গুরুদাসপুর থানার বিয়াঘাট গ্রামের মো: আউয়ালের ছেলে। তারা দু’জনেই নারায়ণগঞ্জে থেকে অটোরিকশা চালাতেন।

নিহত আতিকের ভাই মোহাম্মদ লেবু বলেন, দুপুর আনুমানিক ১টার দিকে নারায়ণগঞ্জের কালিবাজার চাড়ারগোপ এলাকায় একটি চায়ের দোকানের সামনে নিজেদের অটোরিকশায় বসে চা খাচ্ছিলেন আতিক ও মাসুদ। এসময় পেছন থেকে আসা দ্রুতগামী ‘উৎসব পরিবহন’ এর একটি বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে দু’জনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক আতিককে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত মাসুদ হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ থেকে আসা আহত দুই অটোচালকের মধ্যে আতিক নামে একজন মারা গেছেন এবং অপরজনকে জরুরি বিভাগের চার নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

তিনি জানান, ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।