
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হাউছি বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন দুই বাংলাদেশী নাগরিক।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্যমতে তাদের একজন মাওলানা মো: নাসরুল্লাহ বদরপুরী।
তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামের বাসিন্দা ও একইসাথে রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া রাবিউল উলুম মাদরাসার শিক্ষাসচিব।
নিহত হওয়ার আগে বিমানে বসে মাওলানা মো: নাসরুল্লাহ বদরপুরী তার জীবনের শেষ পোস্টটি করে গেছেন, যেখানে ছিল বাইতুল্লাহর সান্নিধ্য পাওয়ার আবেগঘন আকুতি।
বিমানে আরোহণরত মাওলানা বদরপুরী লিখেছিলেন, ‘স্বপ্নের দিকে! একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আকাশের অসীম নীলিমায় উড়ে চলেছি স্বপ্নের গন্তব্যের পানে। জীবনের সেরা সফরের এই মুহূর্তগুলো সত্যিই অন্যরকম, যা ভাষায় প্রকাশ করার মতো নয়!’
বাইতুল্লাহর যিয়ারতের তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করে তিনি আরো লেখেন, ‘রিয়াদ এয়ারলাইনসে আকাশপথের এই যাত্রা এক অসাধারণ অনুভূতি। জানালার ওপাশে বিস্তীর্ণ আকাশ, হৃদয়জুড়ে আনন্দ আর অন্তরে বাইতুল্লাহ যিয়ারতের গভীর আকাঙ্ক্ষা। প্রতিটি মুহূর্ত যেন স্মৃতির পাতায় চিরদিনের জন্য লিখে রাখার মতো।’
সবশেষ মাওলানা মো: নাসরুল্লাহ বদরপুরী লেখেন, আলহামদুলিল্লাহ! আর মাত্র এক ঘণ্টার অপেক্ষা। এরপরই পৌঁছে যাবো সৌদি আরবের রাজধানী রিয়াদে। এরপর শুরু হবে হৃদয়ের আরো কাছের সেই স্বপ্নময় গন্তব্যের পথে এগিয়ে চলা।’
এরপর দোয়া বাক্য লিখে পোস্ট শেষ করেন তিনি। লেখেন-
اللَّهُمَّ يَسِّرْ لَنَا سَفَرَنَا وَتَقَبَّلْ عُمْرَتَنَا
অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাদের সফর সহজ করুন এবং আমাদের ওমরাহ কবুল করে নিন।’
এই ঘটনায় নিহত অন্য বাংলাদেশী হলেন- বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামের (ডাকঘর: মাদলা) বাসিন্দা মো: শাহেদ আহম্মেদ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








