
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় চিকিৎসাধীন মোহাম্মদ সিদ্দিক (৫৫) মারা গেছেন। ছেলের মৃত্যুর পাঁচ দিন পর বাবারও মৃত্যু হলো। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকের মৃত্যু হয়। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সূত্রাপুরের শ্যামবাজারে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে সিদ্দিকসহ পাঁচজনকে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকের মৃত্যু হয়েছে। এর আগে তার ছেলে ইমনের মৃত্যু হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তানিয়া, রাজিব ও ধলু মিয়া (আরিফ) চিকিৎসাধীন রয়েছেন। তানিয়ার শরীরের ৬০ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ এবং ধলু মিয়ার ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তানিয়ার অবস্থা আশঙ্কাজনক। অন্য দুইজনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় তাদের অবস্থা স্থিতিশীল।








