বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন
বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। নয়া দিগন্ত
ads

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ‘ঐক্যের কথা বলতে হলে আগে জুলাই সনদ ও জনগণের রায় বাস্তবায়ন করতে হবে। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিচার ছাড়া দেশে সন্ত্রাস বন্ধের কোনো উপায় নেই। জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।’

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে খুলনার ডাকবাংলা চত্বরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশ শেষে ডাকবাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

এমপি আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিবাদের ঠাঁই হবে না। জুলাই গণঅভ্যুত্থানের গণরায় সরকারকে বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগ ১৭ বছর ধরে রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত মানুষের ওপর নির্যাতন, নিপীড়ন, খুন, গুম ও দখলদারি চালিয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তাদের নির্যাতনের শিকার হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এসব অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণশুনানি শুধু জেলা পর্যায়ে সীমাবদ্ধ না রেখে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও আয়োজন করতে হবে। আয়নাঘরে মানুষকে বন্দি করা এবং ভোটাধিকার হরণের মতো অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই অভ্যুত্থানে এক হাজার ৪০০ মানুষকে হত্যা ও হাজার হাজার মানুষকে পঙ্গু করার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।’

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির সদস্যসচিব বলেন, ‘দিনের বেলায়ও মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে। ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে বাড়িতে গিয়ে হুমকি দেয়া, গুলিবর্ষণ, তুলে নেয়া, গুম ও খুনের ঘটনা ঘটছে। খুলনার মানুষ এসবের প্রতিকার চায়। আমরা দেশে আর কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড কিংবা পুলিশ ও প্রশাসনের ওপর হামলা দেখতে চাই না।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, প্রভু-ভৃত্যের সম্পর্ক নয়। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে নাশকতার সুযোগ দেয়া হলে তা মেনে নেয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের মানুষ ঐক্যবদ্ধ। দেশের এক ইঞ্চি জমিও অন্য কাউকে দখল করতে দেয়া হবে না।’

এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহম্মদ হামীম রাহাতের সভাপতিত্বে ও ডা: আব্দুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম ও আরিফ আবিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা ও কেন্দ্রীয় যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান।