
মরিশাসের প্লেইন-দে-পাপাইয়ে একটি শিল্প কারখানায় কন্টেইনার ধসে তিন বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় দেশটির শ্রম মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তদন্তের ষোষণা দেন শ্রমমন্ত্রী রেজা উতিম।
নিহতরা হলেন—মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো: বেলাল (৩৭) ও সিকদার জোবায়েদ ইসলাম (২৫)। তারা প্লেইন-দে-পাপাইয়ে অবস্থিত একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
জানা গেছে, একটি কন্টেইনারের ভেতরে কাঠের ক্রেটের নিচে চাপা পড়েন তারা। আট ফুট লম্বা ও ছয় ফুট চওড়া ওই ক্রেটগুলোর ভেতরে ছয় মিলিমিটার পুরু কাঁচের প্যানেল রাখা ছিল।
পরে জরুরি সেবাকর্মীরা ও দমকল বাহিনী ধসে পড়া ক্রেটগুলোর নিচ থেকে লাশগুলো উদ্ধার করে।
তদন্তকারীরা এখন এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের কাজ করছেন। মন্ত্রণালয়ের তদন্তে মূলত দেখা হবে যে, সেখানে যথাযথ নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না এবং শ্রমিকদের পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছিল কি না।
শ্রমমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে, নিয়োগকর্তাকে নিহতদের পরিবারের কাছে ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং পরিবার চাইলে লাশগুলো বাংলাদেশে পাঠানোর ব্যবস্থাও করতে হবে।
সূত্র : নিউজ মরিশ
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








