
প্রবাসে থেকেও দেশের প্রতি ভালোবাসা, রাজনৈতিক অঙ্গীকার ও গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেছেন ফেনী জেলা জজ কোর্টের আইনজীবী ও ফেনী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মালদ্বীপের রাজধানী মালের চিং-চং রেস্তোরাঁয় তাকে সংবর্ধনা দেন দেশটিতে বসবাসরত ফেনী জেলা বিএনপির প্রবাসী নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। এ সময় দেশটিতে সফররত ফেনী জেলা ছাত্রদলের সদস্য মেজবাহ উদ্দিন মিয়াজী ও দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি শাহ আলম মো: ফারুক ও শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবনেতা আরিফুল ইসলাম, আবদুল মান্নান, সুমন মিয়াজী, মো: ইসরাফিল, আবু জাহের, মো: হারুনসহ মালদ্বীপ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে সফররত ফেনী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন সভাপতি খলিলুরসহ উপস্থিত নেতাকর্মীরা।
সম্মাননা নেয়ার পর অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন প্রবাসী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, প্রবাসে থেকেও দেশের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা, রাজনৈতিক অঙ্গীকার ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরো জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের সঙ্কটময় পরিস্থিতিতে এ প্রবাসীরাই আন্দোলনের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনেও সক্রিয় ছিলেন তারা। বিশেষ করে বিগত ১৭ বছর অনলাইনে নানা প্রতিকূলতার মধ্যেও তাদের ধারাবাহিক ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে অনেক প্রবাসীর পরিবারকেও দেশে হয়রানির শিকার হতে হয়েছে।
একই সাথে প্রবাসীদের ত্যাগ, অবদান ও সাহসী ভূমিকার যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে মালদ্বীপে সফরত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেয়ার পাশাপাশি তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








