
মিশরে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর (ইত্তিহাদ)’-এর বার্ষিক সম্মেলন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নতুন কার্যকরী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২০২৬–২৭ সেশনের জন্য গঠিত এই নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন আনাস বিন মামুন।
বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর
গত ৩১ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৬টায় কায়রোর আব্বাসিয়ায় অবস্থিত ‘বুরুজ আত-তাতবিকিয়্যিন’ কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিদায়ী সভাপতি নোমানুল করিম আজহারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে।
পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামি সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। সম্মেলনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রশংসাপত্র, সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। একই সাথে মাস্টার্স ও এমফিল সম্পন্নকারীদেরও সমাবর্তন সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের অফিস ও মিডিয়া সম্পাদক ইকবাল হাসান।
শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস রাষ্ট্রদূতের
প্রধান অতিথির বক্তব্যে গৌতম কুমার দে শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানান। পাশাপাশি প্রবাসে বাংলাদেশী শিক্ষার্থীদের শিক্ষা ও অন্যান্য প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন আজহারী, আল-আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি তাজদিদ বিন ওয়াদুদ আজহারী এবং আল-আজহার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহমান মোহাম্মদ নওয়াব।
এ ছাড়া ২০২৬–২৭ সেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শিহাব উদ্দিন আজহারীও বক্তব্য রাখেন। বক্তারা ইত্তিহাদকে দলমত-নির্বিশেষে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।
নতুন কমিটির শপথ গ্রহণ ও অঙ্গীকার
সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ মুহিব্বুর রহমান আজহারী নতুন কমিটির নাম ঘোষণা করেন। এরপর নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান মোহাম্মদ জহিরুল ইসলাম আজহারী।
দায়িত্ব গ্রহণের পর নতুন সভাপতি মাহবুবুল আলম শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, পাঠোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে চার হাজারের বেশি বাংলাদেশী শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের শিক্ষা, কল্যাণ ও ঐক্য সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে আসছে ইত্তিহাদ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








